চাচোল স্টেডিয়ামে জঞ্জাল সাফাইয়ে ঝাড়ু , কোদাল হাতে ময়দানে নামলো মহকুমাশাসক
দি নিউজ লায়নঃ চাচোল স্টেডিয়ামে জঞ্জাল সাফাইয়ে ঝাড়ু , কোদাল হাতে ময়দানে নামলো মহকুমাশাসক সঞ্জয় পাল। তাঁর সঙ্গে হাত লাগালেন থানার আইসি সহ ব্লক প্রশাসনের কর্তারা। রবিবার সকালে চাচোল শহরের ফুটবল স্টেডিয়ামের আবর্জনা পরিষ্কারের মহকুমা শাসকের সঙ্গে সহযোগিতা করেন চাচোল ১ ব্লকের বিডিও সমিরন ভট্টাচার্য, চাচল থানার আইসি সুকুমার ঘোষ। পুলিশ ও প্রশাসনের কর্তাদের এই কাজ করতে দেখে হতবাক হয়েছেন অনেকেই।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চাচল ফুটবল স্টেডিয়াম নোংরা , আবর্জনার স্তূপ জমেছিল। ফুটবল স্টেডিয়াম চালু করা নিয়ে বিভিন্ন মহলে দাবি উঠেছিল। এর আগে ওই ফুটবল স্টেডিয়াম সংস্কার করার বিষয়ে মহকুমা প্রশাসন একটি বৈঠকও করে। সেখানে স্টেডিয়ামের সংস্কার, স্টেডিয়ামকে জঞ্জালমুক্ত করা, পর্যাপ্ত আলো বসানো এবং সৌন্দর্যায়ন গড়ে তোলা সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি বৈঠকের পর সম্প্রতি ফুটবল স্টেডিয়াম আলো বসানোর ব্যবস্থা করা হয় মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে। তবে স্টেডিয়ামের গ্যালারি এবং বিভিন্ন চত্বর নোংরা, আবর্জনায় ভরে থাকার ফলে সমস্যার মুখে পড়তে হচ্ছিল ক্রীড়াবিদদের।
স্টেডিয়াম চত্বরে জঞ্জাল সাফাইয়ের দাবি উঠেছিল প্রাতঃভ্রমণকারী একাংশ মানুষ ও ক্রীড়াবিদদের মধ্যে। সেই দিকেই লক্ষ্য রেখেই এদিন পুলিশ ও প্রশাসনের কর্তারা স্টেডিয়াম চত্বরে জঞ্জাল সাফাইয়ের কাজে হাত লাগায়। এদিন সকাল থেকেই স্টেডিয়াম সমগ্র চত্বর ঝাড়ু, কোদাল হাতে নিয়ে জঞ্জালমুক্ত করেন মহাকুমা শাসক সঞ্জয় পাল সহ পুলিশ ও প্রশাসনের কর্তারা। চাচোল মহকুমা শাসক সঞ্জয় পাল বলেন, চাচোল স্টেডিয়ামটিকে দ্রুত সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্টেডিয়ামের নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়েছে যারা এখানে প্রাতঃভ্রমণ এবং খেলাধুলা করেন তাদের অনেকটাই সুবিধা হবে।

Post a Comment